সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব।
উল্লেখ্য, রোববার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশি প্রাণ হারান।
সূত্র: বাসস