নামী প্রতিষ্ঠানের পণ্যে পোকা! বিপাশার অভিযোগ

১১ সেপ্টেম্বর ২০২৬ - ১১:১৩ পূর্বাহ্ণ
 0
নামী প্রতিষ্ঠানের পণ্যে পোকা! বিপাশার অভিযোগ

নামী ব্র্যান্ডের পণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর

খাবারের মান ও নিরাপত্তা নিয়ে ভারতে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পণ্যের একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। ভিডিওতে কন্টেনারের ভেতরের অংশের ক্লোজ-আপ দেখিয়ে তিনি দাবি করেন, নতুন একটি প্যাকেট খোলার পর এর ভেতরে অসংখ্য ছোট ছোট কৃমির মতো পোকা দেখতে পেয়েছেন।

ভিডিওতে পণ্যটি আঙুলে তুলে দেখিয়ে বিপাশা বলেন, নতুন খোলা কন্টেনারের ভেতরেই প্রচুর ছোট পোকা রয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ভোক্তাদের নষ্ট বা ভেজাল পণ্য থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

এ ঘটনায় মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করেন বিপাশা। তিনি লেখেন, ভোক্তারা যাতে নষ্ট বা ভেজাল পণ্য না পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

তবে বিপাশার করা এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে অনলাইনে অর্ডার করা খাবারের মধ্যে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তিনিও বিষয়টি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নজরে এনেছিলেন।

এদিকে ভারতে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা যাচাইয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এসব অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকান থেকে বাসি, পচা ও অনিরাপদ খাবার পাওয়ার অভিযোগও সামনে এসেছে। এমনকি কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

এমন পরিস্থিতির মধ্যেই এবার নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলে আলোচনায় এলেন বিপাশা বসু। তবে পণ্যটিতে কী পাওয়া গেছে এবং অভিযোগটি কতটা সত্য, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।