হাজারবার বিয়েতেও বিজয়ই পছন্দ রাশমিকার

২৬ অক্টোবর ২০২৬ - ১৬:২৭ অপরাহ্ণ
 0
হাজারবার বিয়েতেও  বিজয়ই পছন্দ রাশমিকার

হাজারবারও বিয়ে করতে হলে বিজয়কেই বেছে নেবেন রাশমিকা

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে কথোপকথনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি রাশমিকাকে বিচ্ছেদের পরামর্শও দিয়েছেন অনেকে। এবার এসব সমালোচনা ও গুঞ্জনের জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। জানালেন, বিজয়কে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে তিনি ভীষণ সুখী।

সোমবার, ২৬ অক্টোবর, ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশমিকা জানান, তিনি তার জীবনসঙ্গীকে ভীষণ ভালোবাসেন। এমনকি হাজারবার বিয়ের সুযোগ এলেও প্রতিবারই বিজয়কে বেছে নেবেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি আমার মানুষটিকে ভীষণ ভালোবাসি। হাজারবারও যদি বিয়ে করতে হয়, করব।’

গত ২১ অক্টোবর প্রচারিত ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের দ্বিতীয় পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা ও বিজয়। সেখানে তাদের বিয়ে নিয়ে কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। এরপর তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি কেউ কেউ তাদের বিচ্ছেদের পরামর্শও দিতে থাকেন।

রাশমিকা জানান, অনুষ্ঠানটি ঘিরে মানুষের প্রতিক্রিয়া শুধু মতামত প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার মনে হয়েছে, অনেকে নিজেদের ক্ষোভ প্রকাশের জন্য কাউকে খুঁজছিলেন। সাধারণত মানুষের মন্তব্যের জবাব দেন না তিনি। কারণ, প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

তবে এবার নিজের ও বিজয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অযাচিত মন্তব্য এবং সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দেখে অবাক হয়েছেন তিনি। বিয়ে নিয়ে তাদের কথোপকথনের ব্যাখ্যা দিয়ে রাশমিকা বলেন, বিষয়টি কতবার বিয়ের কথা হয়েছে কিংবা কত বছর ধরে আলোচনা চলেছে, তা নিয়ে ছিল না। বরং সময় নিয়ে একে অপরকে বোঝা এবং জীবনের ভালো-মন্দ, আনন্দ ও চাপের মধ্যেও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়াটাই ছিল আসল বিষয়।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তিনি জানতেন জীবনে কী চান। অন্যদিকে, বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনের বাস্তব দিকগুলো ভালোভাবে ভেবে নিতে চেয়েছিলেন বিজয়। তবে দুজনের চিন্তাভাবনায় এই পার্থক্য তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এবং একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

যারা তাকে সম্পর্ক থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন, তাদের উদ্দেশেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাশমিকা। তিনি জানান, কয়েক বছর আগে যখন তাদের জীবনে কঠিন সময় চলছিল, তখন এসব মানুষ তাদের পাশে ছিলেন না। কিন্তু বিজয় তখনও তার পাশে ছিলেন, এখনো আছেন। বিয়ের পর নিজেকে জীবনের সবচেয়ে সুখী সময়ের মধ্যে রয়েছেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি, সম্পাদনা করা ভিডিও এবং বিভ্রান্তিকর বর্ণনাকে নিজের জীবনের সত্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও অসন্তোষ প্রকাশ করেন রাশমিকা। তার মতে, নিজের জীবন সম্পর্কে তিনি কী বলছেন, সেটিকে বিশ্বাস না করে অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ধারণার ওপর আস্থা রাখা তার জন্য অস্বস্তিকর।

পোস্টের শেষ দিকে কন্নড়ভাষী ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। এক দশক পরও যারা তাকে ভালোবাসেন এবং সমর্থন করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভালোবাসা ও আনন্দ উদ্‌যাপনের আহ্বান জানিয়ে সবাইকে নিজেদের জীবনে সুখ খুঁজে নেওয়ার পরামর্শ দেন রাশমিকা।