হাসপাতালে দুর্নীতি চলবে না কড়া হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ঝটিকা পরিদর্শনে মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
পরিদর্শনের সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বেশ কিছু অনিয়মও তার নজরে আসে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তারা অভিযোগ করেন, প্রয়োজনের সময় হাসপাতালে ডাক্তারদের পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।
রোগী ও স্বজনদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় দেশে হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
তিনি জানান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়ার বিষয়টি এরই মধ্যে আলোচনায় এসেছে।