মিষ্টির আসনে বিএনপির নতুন মুখ এলিজা জামান

২৬ অক্টোবর ২০২৬ - ০৯:১২ পূর্বাহ্ণ
 0
মিষ্টির আসনে বিএনপির নতুন  মুখ এলিজা জামান

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন এলিজা জামান। তবে সে সময় দলীয় মনোনয়ন পাননি তিনি।

এবার সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসার পর তাকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।