নৈতিক শিক্ষার অভাবে বাড়ছে সামাজিক অবক্ষয়!

২৬ অক্টোবর ২০২৬ - ১৬:৩৬ অপরাহ্ণ
 0
নৈতিক শিক্ষার অভাবে বাড়ছে  সামাজিক অবক্ষয়!

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে: শিক্ষামন্ত্রী

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার, ২৬ অক্টোবর, রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, নৈতিক, ইসলামিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে নানা ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে। তাই শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো জরুরি। ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে পড়া জাতির জন্য মঙ্গলজনক হবে না। তবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার আধুনিকায়ন জরুরি। এ সময় মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।

তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। তাঁরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে কর্মক্ষেত্রে আরও ভালো সুযোগ পাবেন। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের হিফয সম্পন্ন করা ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।