শ্যালিকাকে বিয়ে করে বিপাকে মাসুদ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়তে হলো মাসুদকে
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই নিজের শ্যালিকাকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন নওগাঁর টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানা। তবে বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। সোমবার রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় তার মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার প্রথম স্ত্রী মৌসুমী ও পরিবারের সম্মতিতে শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে শুরু হয় আলোচনা-সমালোচনা। একপর্যায়ে বদলগাছীতে ভাড়া বাসায় থাকতে না দেওয়ার হুমকি পাওয়ার অভিযোগ তুলে প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এলাকা ছাড়েন তিনি। এরপর মহাদেবপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিলেও সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে স্থানীয় কয়েকজন তার মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন। অন্যদিকে, মাসুদ রানার দাবি, শ্যালিকা পূর্ণিমার আগে ধারণ করা ভিডিওকে কেন্দ্র করে ভবিষ্যতে হয়রানির আশঙ্কা থেকেই প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি এ বিয়ের সিদ্ধান্ত নেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।