৩১ বছর পর প্রকাশ্যে ওমর সানীর বিয়ের ছবি

১১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৩৯ পূর্বাহ্ণ
 0
৩১ বছর পর প্রকাশ্যে ওমর সানীর বিয়ের ছবি

৩১ বছর পর প্রকাশ্যে ওমর সানী-মৌসুমীর বিয়ের ছবি

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব চিত্রনায়ক ওমর সানী। নিজের জীবনের নানা স্মৃতি, পারিবারিক মুহূর্ত ও পুরোনো ছবি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা।

এবার বিয়ের ৩১ বছর পর নিজেদের বিয়ের একটি বিশেষ ছবি প্রকাশ্যে আনলেন ওমর সানী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন তিনি।

ছবিতে বর-কনের সাজে পাশাপাশি বসে থাকতে দেখা যায় ওমর সানী ও মৌসুমীকে। বিয়ের অনুষ্ঠানে ওমর সানীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন তার শ্বশুর ও শাশুড়ি।

ছবিটি প্রকাশ করে আবেগঘন বার্তায় ওমর সানী লেখেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা, পাশে আমার শ্বশুর সাহেব। একটা মধুর অনুভূতি জীবনের।’

পুরোনো সেই ছবির সঙ্গে প্রয়াত শ্বশুরের স্মৃতিও তুলে ধরেন অভিনেতা। তিনি লেখেন, ‘এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসা। আর আম্মা শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী।’

১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ ও ‘লজ্জা’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

অভিনয়ের জুটি থেকে একসময় বাস্তব জীবনের সঙ্গী হয়ে ওঠেন ওমর সানী ও মৌসুমী। ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের ৩১ বছর পেরিয়ে গেছে।

এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা। দীর্ঘ তিন দশকের দাম্পত্য জীবনের নানা স্মৃতির মাঝে এবার বিয়ের দিনের এই পুরোনো ছবি প্রকাশ করে ভক্তদেরও নস্টালজিক করে তুললেন ওমর সানী।