এবার এপস্টেইন ফাইলে নাম আসলো বলিউড তারকার
বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে এপস্টেইন ফাইল নিয়ে। আর সেই ফাইলে নাম রয়েছে বিশ্বের একের পর এক প্রভাবশালী ব্যক্তিদের। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত নথিতে বলিউডের প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের নামও উঠে এসেছে। আর এবার এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে এই উল্লেখ কি কোনও অভিযোগের ইঙ্গিত দেয়, নাকি এটি কেবল একটি নামমাত্র রেফারেন্স সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, এপস্টেইনের সঙ্গে জিউসেপে বেরসানি, জিনো ইউ ও অরনেলা কোরাজ্জা এই তিনজনের ই–মেইল আদান–প্রদানে কাশ্যপের নাম এসেছে। আলোচনাগুলো মূলত এপস্টেইনের কিউবা ও সাংহাই সফর নিয়ে। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেয়ার সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপকে ‘কুল পিপল’- বলে উল্লেখ করা হয়। এই তালিকায় আরও ছিলেন বেন গোয়ার্টজেল, ব্রুস ডেমার ও ডিজে স্পুকি–এর মতো নাম।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নথিতে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ই–মেইলগুলোতে এপস্টেইন ও কাশ্যপ একই সময় একই স্থানে ছিলেন এমন কোনও প্রমাণ নেই। অনুরাগ কাশ্যপ সত্যিই ওই কর্মশালা বা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কি না তা নিশ্চিত বা অস্বীকার কোনোটি করা হয়নি। অর্থাৎ, নামের উল্লেখ থাকলেও এটি অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ নয়।
রিপোর্টে বলা হয়েছে, অনুরাগ কাশ্যপ ছাড়াও অভিনেত্রী নন্দিতা দাসের নামও নথিতে আছে। তাকে ২০১৫ সালের যুক্তরাজ্যের লেক ডিস্ট্রিক্ট ফেস্টিভ্যালে সম্ভাব্য বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে যোগব্যায়াম, সংগীত, গল্প বলা, কায়াকিংসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ছিল। এর আগেও এপস্টেইন সংক্রান্ত নথিতে মীরা নায়ার, মাইকেল জ্যাকসন, ডায়ানা রস, ক্রিস ট্যাকার, মিক জ্যাগারসহ একাধিক আন্তর্জাতিক তারকার নাম পাওয়া গেছে। এপস্টেইন নথিতে অনুরাগ কাশ্যপের নাম থাকলেও, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি কোনও অপরাধ বা সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ নয়। নথিতে নামের উপস্থিতি আর অভিযোগ এই দুইয়ের পার্থক্য বোঝাই এখন সবচেয়ে জরুরি।