চুলকিয়েই মাসে আয় ১৮ লাখ টাকা! ১ ঘণ্টা চুলকানোর দাম ৫ হাজার টাকা!
শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
চুলকানি হলে সাধারণত নিজের হাতেই চুলকান মানুষ। কিন্তু সেই চুলকানিকেই পেশা বানিয়ে রীতিমতো ব্যবসা দাঁড় করিয়েছেন চীনের ৩২ বছর বয়সী ঝাং শিয়াওছিয়াও। তার দুই দোকান থেকে এখন মাসে আয় হচ্ছে প্রায় এক লাখ ইউয়ান, বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ১৮ লাখ টাকা।
দক্ষিণ চীনের শেনঝেনের বাওআন জেলায় মে মাসের শুরুতে প্রথম ‘চুলকানোর দোকান’ চালু করেন ঝাং। এক মাস পর ফুতিয়ান জেলায় খোলেন দ্বিতীয় শাখা।
তবে এখানে সাধারণভাবে চুলকিয়ে দেওয়া হয় না। কর্মীরা বিশেষভাবে তৈরি সূচালো নখ পরেন। এরপর গ্রাহক ম্যাসাজের মতো বিছানায় শুয়ে পড়লে শরীরের বিভিন্ন জায়গা খুব হালকা হাতে চুলকিয়ে দেওয়া হয়।
এক ঘণ্টার এই সেবার জন্য গ্রাহককে দিতে হয় ৩০০ ইউয়ান, বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকা। ঝাংয়ের দাবি, এই সেবা মানসিক চাপ কমাতে এবং ঘুমের মান ভালো করতে সহায়তা করে।
তার দোকানের গ্রাহকদের মধ্যে নারী-পুরুষ দুজনই রয়েছেন। তবে প্রায় ৭০ শতাংশ গ্রাহকই পুরুষ। অনেকেই সাধারণ ম্যাসাজের তুলনায় এই সেবাকে বেশি আরামদায়ক বলছেন।
ঝাংয়ের এমন ব্যবসার ধারণা অবশ্য হঠাৎ করেই আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে এক নারীকে তার স্বামীকে চুলকিয়ে দিতে দেখে তিনি এই ব্যবসার ধারণা পান। ছোটবেলায় বাবার কাছে পিঠ চুলকিয়ে নেওয়ার স্মৃতিও তাকে অনুপ্রাণিত করে।
এখন ঝাংয়ের লক্ষ্য পুরো চীনে ১০০টি শাখা খোলা এবং ‘চুলকানো’কে একটি পরিচিত পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। অভিনব এই ব্যবসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও হাস্যরস। তবে ঝাংয়ের ব্যবসা যে এরই মধ্যে বেশ জমে উঠেছে, তা মাসে সাড়ে ১৮ লাখ টাকার আয়ের হিসাবই বলে দিচ্ছে।