আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা গাড়ি পার্কিং নিয়ে তর্ক, প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:২২ পূর্বাহ্ণ
 0
আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা গাড়ি পার্কিং নিয়ে তর্ক, প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক এসআইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হন।

পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে আহত বাবা-ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে ঠিক কী কারণে আলতাফ হোসেনকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।