শুভযাত্রা শুরু রাইটার্স ফোরামের দেশ-বিদেশে সাহিত্য-সংস্কৃতি ছড়ানোর প্রত্যয়

৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৩৩ পূর্বাহ্ণ
 0
শুভযাত্রা শুরু রাইটার্স ফোরামের দেশ-বিদেশে সাহিত্য-সংস্কৃতি ছড়ানোর প্রত্যয়

শুভযাত্রা শুরু হলো রাইটার্স ফোরামের

গ্লোবাল ফোরামের অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে রাইটার্স ফোরাম। এ উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর রাজধানীর একটি তিন তারকা হোটেলে দেশবরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেঘাস্টার নায়ক উজ্জ্বল বলেন, রাইটার্স ফোরাম দেশ-বিদেশের কবি ও লেখকদের একত্রিত করে লেখালেখির জগতকে আরও সমৃদ্ধ করবে। সাহিত্য ও সংস্কৃতিকে লেখনীর মাধ্যমে পাঠকদের কাছে তুলে ধরবে সংগঠনটি।

শিল্পকলার ডিজি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, কবি-লেখকদের নিয়ে রাইটার্স ফোরামের এই উদ্যোগ প্রশংসনীয়। সুন্দর লেখার মাধ্যমে মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মমতাজ বলেন, এ ধরনের সংগঠন কবি-লেখকদের আরও উৎসাহিত করবে। দেশের সাহিত্য ও সংস্কৃতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

রাইটার্স ফোরামের সভাপতি মাহাবুবা লাকি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করবে রাইটার্স ফোরাম। লেখালেখির এই প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

গ্লোবাল ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক প্রচ্ছদ চৌধুরী ও সহ-প্রতিষ্ঠাতা পরিচালক সুপ্তি বনীক জানান, গতানুগতিক সাহিত্য সংগঠনের বাইরে গিয়ে রাইটার্স ফোরাম দেশের সাহিত্য অঙ্গনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে চায়।

তাদের পরিকল্পনা, বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করা সংগঠনগুলোর সঙ্গে মেলবন্ধন তৈরি করা এবং সাহিত্য-সংস্কৃতির আদান-প্রদান আরও সহজ করা।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।