আইনের ফাঁকে বারবার বেরিয়ে আসে অপরাধীরা মাদক কারবারি-ছিনতাইকারীদের নিয়ে যা বললেন আইজিপি
আইনের সীমাবদ্ধতায় মাদক কারবারি-ছিনতাইকারীদের আটক রাখা যায় না: আইজিপি
মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে অপরাধীদের বারবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা সম্ভব হয় না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত অনেক অপরাধীকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আইনের সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘ সময় আটকে রাখা সম্ভব হয় না। পরে তারা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।
মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করছে। বিভিন্ন আকর্ষণীয় নাম ব্যবহার করে তরুণদের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সন্তানদের সচেতন করতে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার জীবনই নষ্ট হয় না, ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার। মাদকের টাকার জন্য সন্তান কর্তৃক বাবা-মাকে নির্যাতনের মতো ঘটনাও পুলিশ কর্মকর্তাদের সামনে এসেছে।
অনুষ্ঠানে পরিবেশ ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, শুধু প্রচারের জন্য নয়, বাস্তব পরিবর্তন আনতেই এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। ঢাকা শহরের পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
পরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন আইজিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।