হকার্স মার্কেটের পেছনে গুলিবিদ্ধ লাশ আতঙ্কে বন্ধ বেশিরভাগ দোকান
হকার্স মার্কেটের পেছনে গুলিবিদ্ধ লাশ, আতঙ্কে বন্ধ বেশিরভাগ দোকান
নারায়ণগঞ্জের চাষাঢ়া সিটি হকার্স মার্কেটের পেছন থেকে শুভ দাস (৩৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার সকাল থেকে মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট।
পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে সদর থানার হকার্স মার্কেট সংলগ্ন খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ভিক্টোরিয়া মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং হত্যার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর শনিবার সকাল থেকে হকার্স মার্কেটের বেশিরভাগ দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, মার্কেটের পেছনে প্রেসিডেন্ট রোডে যাওয়ার গলিতে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলে আসছে। তাদের দাবি, দুই দিন আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কথিত মাদক ব্যবসায়ী অনিকের বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে শুভ দাস ডিবির সোর্স হিসেবে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তারা।
এ ঘটনার জেরেই শুভ দাসকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ধারণা করছেন। তবে তাদের এই দাবির বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।