৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত ২ শ্রমিক! কাদায় মাখা শরীর নিয়ে বের হলেন তারা
নেপালে বন্যা: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর সুড়ঙ্গের ভেতর থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন সঞ্জয় শাহ ও কবির মহর্জন। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, মাটির প্রায় ১৭০ মিটার গভীরে আটকে থাকা সুড়ঙ্গ থেকে তাদের নিরাপদে বের করে আনা হয়।
শুক্রবার সকালে সুড়ঙ্গের গভীর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকর্মীরা। পরে যোগাযোগ করে সাড়া পাওয়ার পর নেপাল সেনাবাহিনী ও আর্মড পুলিশ ফোর্সের যৌথ দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাদের উদ্ধার করা হয়। দীর্ঘ নয় দিন পর সঞ্জয় শাহকে কাঁধে করে বাইরে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় সেনা ব্যারাকে নেওয়া হয়।
গত ৬ আগস্ট ত্রিশূলী নদী উপত্যকায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এখনো বহু শ্রমিক বিভিন্ন সুড়ঙ্গের ভেতরে আটকা থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।