৫৫৪ দিনের বন্দিজীবন শেষে মুক্তি আজ তারেক রহমানের কারামুক্তি দিবস

৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:১৭ পূর্বাহ্ণ
 0
৫৫৪ দিনের বন্দিজীবন শেষে মুক্তি আজ তারেক রহমানের কারামুক্তি দিবস

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ ৫৫৪ দিনের কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় দীর্ঘ ১৮ মাস কারাবন্দি থাকতে হয় তাকে।

কারাবন্দি অবস্থায় রিমান্ডে তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকেই মুক্তি পান তিনি।

কারামুক্তির পর উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তারেক রহমানকে লন্ডনে নেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।

প্রতি বছর বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।