কনটেন্ট বানিয়ে আলোচনায় এবার গ্রেপ্তার শিক্ষক মামুন

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৫৩ অপরাহ্ণ
 0
কনটেন্ট বানিয়ে আলোচনায় এবার গ্রেপ্তার শিক্ষক মামুন

রাজনৈতিক মামলায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুন গ্রেপ্তার

কনটেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিলেন শিক্ষক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল আলম মামুন। এবার রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হলেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগও উঠেছে।

কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার সন্ধ্যায় গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাকিবুল আলম মামুন কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেন তিনি। নিজের বাসাবাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে নারী-পুরুষকে নিয়ে এসব কনটেন্ট তৈরি করতেন মামুন।

পুলিশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মামুনের সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শিক্ষকতার নীতি-নৈতিকতা পরিপন্থী ও অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের সহিংসতা সংক্রান্ত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির যে অভিযোগ উঠেছে, সেটি নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।