বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা! শিশুসহ নিহত ৫, আহত ৬৩
ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা, শিশুসহ নিহত ৫
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, সিরিক কাউন্টির বান্দার কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলার সময় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ সেখানে আঘাত হানে।
হামলায় নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তাদের মিনাব শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও অন্যান্য সামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরানের দাবি, সিরিকের হামলার জবাবে তারা জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।