বিএনপির হাত ধরেই সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী
বিএনপির হাত ধরেই সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে।
মঙ্গলবার সচিবালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা, প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। এ সময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশংসা করেন আইপিইউ সেক্রেটারি।