পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮! দুই রেলিংয়ে ধাক্কার পর দুর্ঘটনা
পদ্মা সেতুতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ৮
পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে যাত্রীবাহী একটি বাস। এ সময় সেতুর দুই পাশের রেলিংয়ে পরপর ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনায় ৮ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকে থাকা ও আহত যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের বাসটি মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া ১টার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি প্রথমে সড়কের ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে। একপর্যায়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), ফাতেমা আক্তার (৭), সাইফ (২৩), আরাফাত (১৩), রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০) রয়েছেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।