সুখবর! ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত পাবেন ব্যাংক গ্রাহকেরা
৭ সেপ্টেম্বর থেকে আমানত ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা
দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির খবর পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।
প্রাথমিকভাবে গ্রাহকেরা নিজেদের হিসাবে জমা থাকা মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এই অর্থের ওপর আপাতত কোনো মুনাফা দেওয়া হবে না।
এ জন্য আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের শাখাগুলোতে আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু হওয়ার কথা রয়েছে। তবে নগদ অর্থের চাহিদা, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ সরবরাহ এবং নিরাপদ ক্যাশ ব্যবস্থাপনার প্রস্তুতির কারণে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে শুরু করা হবে।
গ্রাহকেরা আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন হিসাব থেকে মূল টাকা উত্তোলন করতে পারবেন।
তবে যারা হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে পরবর্তীতে মুনাফাসহ যেকোনো পরিমাণ টাকা জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।
এদিকে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা ও উপশাখাগুলো সাজানো, গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা এবং বয়স্ক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে সমস্যায় পড়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।