ইশরাকের পদত্যাগ ঐতিহাসিক বললেন মাহদী আমিন
ইশরাকের পদত্যাগ ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত: মাহদী আমিন
মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি মনে করেন, এই পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক দায়িত্ব পালনের নতুন পথ খুলে দিতে পারে।
সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহদী আমিন। বর্তমানে ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন জানিয়ে তিনি ইশরাক হোসেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সাহসী ভূমিকার কথা তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেম ইশরাক হোসেন যেভাবে ধারণ করেন, তা অনন্য। তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডের পদ্ধতি নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে। তবে সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে দ্বিধার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর পদ কিংবা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা সম্ভব নয়। দল, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদানই বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মাহদী আমিন। তাঁর মতে, এই পদত্যাগের মধ্য দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পথচলা শেষ হচ্ছে না; বরং ভবিষ্যতে আরও বৃহত্তর ও জনমুখী দায়িত্ব পালনের সুযোগ তৈরি হতে পারে।