৩৬ ঘণ্টায় দফায় দফায় বৃষ্টি উপকূলে ভারী বর্ষণের শঙ্কা!
৩৬ ঘণ্টায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, সতর্ক উপকূল
আগামী ৩৬ ঘণ্টায় দেশের উপকূলীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
রোববার রাতে দেওয়া সতর্কবার্তায় বিডব্লিউওটি জানায়, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।
এ ছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোর, মাগুরা ও ফরিদপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও দীঘা এলাকায়।
আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাটি বলছে, এই বৃষ্টি টানা চলবে না। মেঘের অবস্থান পরিবর্তনের কারণে কোনো এলাকায় কম বৃষ্টি হলেও অন্য কোথাও হঠাৎ ভারী বর্ষণ হতে পারে।
উপকূলের বাইরেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে বাইরে বের হলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।