হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা
সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ক্ষোভ জানান তিনি।
কায়সার কামাল বলেন, অভিযোগ পেয়েছি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা সঠিকভাবে সেবা দিচ্ছেন না। এখনও তাদের মধ্যে আমলাতান্ত্রিক মনোভাব রয়েছে। এখানে এসে আমি আশাহত, কর্মকর্তারা দেরি করে এসেছেন।
তিনি বলেন, সারা দেশে এমন পরিদর্শন চলবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ভুক্তভোগীদের কল সেন্টারে অভিযোগ করার অনুরোধ জানাচ্ছি। ওয়েবসাইটেও অভিযোগ করা যাবে।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ঘুষ-দুর্নীতি ও অনিয়ম রোধে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চলবে।