অবশেষে কমলো স্বর্ণের দাম! ভরিতে নতুন দাম কত? জেনে নিন
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। আজ মঙ্গলবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
এদিকে বিশ্ববাজারেও মঙ্গলবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। দিনের শুরুতে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং ডলারের দাম শক্তিশালী হওয়ায় স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জিএমটি সকাল ৯টা ৩৭ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৩৪ দশমিক ৭৬ ডলারে নেমে আসে। এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ১৪ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৮৯ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেনের মতে, স্বর্ণের দাম কমার অন্যতম প্রধান কারণ বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া। পাশাপাশি গত সপ্তাহের দরপতনের পর ডলারের দামও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
তবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের পেছনে থাকা মূল কারণগুলো এখনো বহাল রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে আগামী কয়েক মাসেও এসব কারণ স্বর্ণের দামকে সমর্থন দিতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
দেশের বাজারে নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে।