গাড়ির কাগজপত্র ও লাইসেন্সে বড় সুখবর! জরিমানা ছাড়াই সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

২৫ আগস্ট ২০২৬ - ১১:০৩ পূর্বাহ্ণ
 0
গাড়ির কাগজপত্র ও লাইসেন্সে বড় সুখবর! জরিমানা ছাড়াই সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো জরিমানা ছাড়াই মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও প্রয়োজনীয় ফি পরিশোধ করলেই জরিমানা ছাড়াই এসব সেবা নেওয়া যাবে।

এর মধ্যে রয়েছে সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স।

তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, এটিই শেষবারের মতো সময়সীমা বাড়ানো হলো।

ফলে যেসব গাড়ির মালিকের কাগজপত্র এখনো হালনাগাদ করা হয়নি কিংবা যাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা বাকি রয়েছে, তারা আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি পরিশোধ করে জরিমানা ছাড়াই হালনাগাদ করার সুযোগ পাবেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই সময়সীমা অবিলম্বে কার্যকর হয়েছে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।