রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক সশস্ত্র বাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।
এ সময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সক্ষম চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
সাক্ষাৎকালে দেশের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।