চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দোভালের বৈঠক ভারত-চীন সম্পর্ক নিয়ে বড় আলোচনা
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ভারত-চীন সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের ২৫তম দফার বৈঠকের আগে মঙ্গলবার এসব আলোচনা অনুষ্ঠিত হয়।
বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া ঐকমত্য অনুযায়ী অজিত দোভাল ও হান ঝেং সীমান্তে শান্তি জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
এর আগে সীমান্ত ইস্যুতে আলোচনার জন্য দুই দিনের সফরে সোমবার বেইজিং পৌঁছান অজিত দোভাল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গেও সীমান্ত বিরোধ নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার।
ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধ রয়েছে। ২০০৩ সালে চালু হওয়া ‘বিশেষ প্রতিনিধি ব্যবস্থা’ দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে।
২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার পর এখন ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে দুই দেশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার ধারাবাহিকতায় এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, আগামী সেপ্টেম্বরে ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নয়াদিল্লি সফরের কথা রয়েছে। এর আগে অজিত দোভালের বেইজিং সফর ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।