কঙ্গোতে ভয়াবহ আগুন নিহত ২৯, অধিকাংশই শিক্ষার্থী
কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দুটি স্থানীয় স্কুল ও আশপাশের এলাকায়। এতে প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে।
জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপি জানিয়েছে, উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়েও আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছের একটি বসতি।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই স্কুল থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে পদদলনের ঘটনাও ঘটে। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে।
এদিকে শ্বাসকষ্টে আক্রান্ত বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। তবে আরও কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে জানিয়েছেন, দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর আগুনে পুড়ে গেছে।
কানিউকা আরও জানান, আহত ২৯ জনকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। গুরুতর আহতদের কয়েকজনকে কাদুতু জেনারেল হাসপাতাল ও বুকাভু প্রভিন্সিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির রাজধানী কিনশাসাভিত্তিক সরকার। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা মূল্যায়ন করে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহান্তে রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে অগ্নিকাণ্ডের পর পদদলনের ঘটনাতেও কয়েকজন নিহত হন। পরপর দুটি দুর্ঘটনার পর জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার ও নিরাপত্তা মানদণ্ড বাস্তবায়নে বিশেষ দল মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।