দলের ভাবমূর্তি নষ্ট করলে ব্যবস্থা নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি রেলপ্রতিমন্ত্রীর
দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি হুঁশিয়ার করে বলেছেন, বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি অপকর্মে জড়িত হলে তার দায় সরকার বা দল নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ বায়তুল হুদা জামে মসজিদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপ্রতিমন্ত্রী।
হাবিবুর রশিদ বলেন, দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়।
তিনি বলেন, যারা কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দায় সরকার কিংবা বিএনপি নেবে না। সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেলপ্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব মানুষের জন্য সমানভাবে সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি এলাকার যেকোনো ভালো ও জনকল্যাণমূলক কাজে তিনি সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।