বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আহ্বান জানাল চীন

১৭ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৪৫ পূর্বাহ্ণ
 0
বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আহ্বান জানাল চীন

ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকেও অংশগ্রহণের আহ্বান জানিয়েছে চীন। দেশটির উদ্যোগে নেওয়া গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই)-এ যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

গত সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। পরদিন (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) ঢাকায় চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, বৈশ্বিক শাসন কাঠামো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের উদ্যোগে গৃহীত জিজিআই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক শাসনব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি “চীনা সমাধান” প্রস্তাব করা।

রাষ্ট্রদূত ইয়াও বৈঠকে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক ইতিবাচক গতিতে এগিয়ে চলছে। সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে এবং দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। তিনি আরও যোগ করেন, দুই দেশের নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন বাংলাদেশকে পাশে নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বৈশ্বিক শাসন উদ্যোগকে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেন। তিনি উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এটি প্রেসিডেন্ট সি জিনপিংয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশও দ্বিপাক্ষিক সম্পর্কে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।