২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর ছুটি ছুটি পাবেন না যারা, জেনে নিন
আগামীকাল বুধবার, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তবে এই ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, শপিংমল ও জরুরি সেবায় কর্মরতদের ক্ষেত্রে ছুটির নিয়ম আলাদা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ও আধা-সরকারি অফিসের পাশাপাশি সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও এ ছুটি থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ফলে সাধারণ ব্যাংকিং কার্যক্রম চলবে না। তবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও কার্ডভিত্তিক ডিজিটাল লেনদেন সাধারণভাবে চালু থাকবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাউশির আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতেও এদিন পাঠদান বন্ধ থাকবে। মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৬ ও ২৭ আগস্ট দুই দিন ছুটি থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম স্কুল এবং নিজস্ব শিক্ষাপঞ্জি অনুযায়ী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের নোটিশ অনুযায়ী ছুটি নির্ধারিত হবে।
অন্যদিকে, সব বেসরকারি অফিসে বাধ্যতামূলকভাবে ছুটি থাকবে না। শ্রম আইন অনুযায়ী, কোন কোন দিন উৎসব ছুটি হিসেবে থাকবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারণ করে। তাই প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবী থাকলে কর্মীরা ছুটি পাবেন।
দোকান, শপিংমল, রেস্তোরাঁ ও অন্যান্য বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম। সরকারি ছুটি থাকলেই এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে—এমন বাধ্যবাধকতা নেই। প্রতিষ্ঠান বা মার্কেট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো খোলা থাকতে পারে।
এ ছাড়া হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসসহ জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিতদের সবাই একসঙ্গে ছুটি পাবেন না। জনস্বার্থে এসব সেবা চালু রাখতে অনেক ক্ষেত্রে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে হয়।
তবে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘিরে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। বুধবার সরকারি ছুটির পর বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার ছুটি নিতে পারলে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মীরা।