ডলারের নতুন দর নির্ধারণ কত হলো ডলারের নতুন দর?

২৪ আগস্ট ২০২৬ - ১৬:২৪ অপরাহ্ণ
 0
ডলারের নতুন দর নির্ধারণ কত হলো ডলারের নতুন দর?

খোলা বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে মানি এক্সচেঞ্জের জন্য নতুন বিনিময় হার নির্ধারণ করেছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—এমসিএবি।

নতুন দর অনুযায়ী, মানি এক্সচেঞ্জে প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সায় কেনা এবং ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হবে।

সোমবার রাজধানীতে এমসিএবির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এম এস জামান এ নতুন দর ঘোষণা করেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ডলারের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। দেশের সব মানি চেঞ্জারকে সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে নতুন বিনিময় হার জানিয়ে দেওয়া হচ্ছে।

ডলারের বাজারে অস্থিরতার দায় কার?

ডলারের বাজারে অস্থিরতার বিষয়ে এমসিএবি সভাপতি বলেন, বাজারে অনৈতিক কারসাজির দায় মানি চেঞ্জারদের নয়, বরং ব্যাংকগুলোর।

তার দাবি, মানি চেঞ্জার খাতের ব্যবসার পরিধি সীমিত হওয়ায় তাদের পক্ষে ডলারের বাজার নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেশন করা সম্ভব নয়। করোনা-পরবর্তী সময়ে ডলার বাজারে অস্থিতিশীলতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যাংক বড় অঙ্কের মুনাফা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এম এস জামান বলেন, বাজারে অস্থিরতা দেখা দিলেই এর দায় মানি চেঞ্জারদের ওপর চাপানোর চেষ্টা করা হয়।

তিনি জানান, মানি চেঞ্জাররা মূলত নগদ বৈদেশিক মুদ্রা কেনাবেচা করে। তারা ইলেকট্রনিক বা ভার্চ্যুয়াল মুদ্রার লেনদেন করে না এবং সরাসরি রেমিট্যান্সও আনতে পারে না।

বিদেশফেরত যাত্রী ও প্রবাসী শ্রমিকরা দেশে যে নগদ বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন, সেটিই মানি চেঞ্জারদের ব্যবসার অন্যতম প্রধান উৎস। এসব বৈদেশিক মুদ্রা কিনে বৈধ পথে বাজারে সরবরাহ করার মাধ্যমে মানি চেঞ্জাররা বৈদেশিক মুদ্রার বাজারে ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।

নীতিমালা সহজ করার দাবি

মানি চেঞ্জারদের পক্ষে ডলারের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে এমসিএবি সভাপতি বলেন, তাদের মূলধন ও ব্যবসার পরিধি বিবেচনায় এ খাতের সক্ষমতা সীমিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক বাজারে ডলার কেনাবেচা এবং শিডিউল ব্যাংকের বিনিময় হার নির্ধারণ করলেও মানি চেঞ্জারদের ক্ষেত্রে স্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন।

এ সময় বৈধভাবে ডলার লেনদেনের সুযোগ বাড়াতে নীতিমালা সহজ করার দাবি জানায় এমসিএবি। পাশাপাশি অবৈধ ও লাইসেন্সবিহীন মানি চেঞ্জার ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এম এস জামান জানান, অবৈধ ও লাইসেন্সবিহীন মানি চেঞ্জারদের একটি তালিকা বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের কাছে দেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের লিখিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।