শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশ-চীনের নতুন উদ্যোগ!

২৪ আগস্ট ২০২৬ - ১৩:১৪ অপরাহ্ণ
 0
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশ-চীনের নতুন উদ্যোগ!

শিক্ষা ও কারিগরি খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের শিক্ষা খাতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এ লক্ষ্যেই সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও আন্তর্জাতিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

দুই দেশের মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়লে বাংলাদেশের তরুণদের কর্মদক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।