ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

২৫ জুন ২০২৬ - ১৭:২৩ অপরাহ্ণ
 0
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২৪ জুন) ডেঙ্গুতে দুইজনের মৃত্যুর হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ৩১ জন করে মোট ৬২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, ঢাকা বিভাগে ২৬, চট্টগ্রাম বিভাগে ১৫, ময়মনসিংহ বিভাগে ১৩ ও রাজশাহী বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে। এই দুই বিভাগে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৩ জন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।