অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন!

২৪ আগস্ট ২০২৬ - ১৩:০৫ অপরাহ্ণ
 0
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন!

আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরে বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মন্ত্রী।

মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে টার্মিনালটি চালুর লক্ষ্যে সরকার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। পাশাপাশি টার্মিনালটির নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নত হবে এবং দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে আরও আধুনিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।