দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

২৪ আগস্ট ২০২৬ - ১২:০০ অপরাহ্ণ
 0
দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিএনপির নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে গঠনমূলক কাজে মনোযোগ দিতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দলের মধ্যে দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে গত ৫ আগস্টের পর থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, কেউ অনৈতিক কাজ করবেন না। জনগণের পাশে থেকে গঠনমূলক কাজে অংশ নিতে হবে এবং দলকে আরও শক্তিশালী করতে হবে।

দলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যানের নির্দেশনায় চলমান সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করাই এখন তার প্রধান দায়িত্ব। দলকে আরও সুসংগঠিত করার কাজ যথাযথভাবে এগিয়ে নেওয়া হবে।

রিজভী আরও বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। সরকারের নেওয়া জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নেতা-কর্মীদের জনগণের পাশে থাকতে হবে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে হবে। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগও কমে যাবে। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির জনপ্রিয়তার বিষয়ে রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ড, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ বিএনপিকে মানুষের কাছে জনপ্রিয় করেছে। তারেক রহমানও সেই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই স্থানীয় পর্যায়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের সমর্থন দেবেন।

এ সময় রিজভী দাবি করেন, নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের মধ্যেও বিভিন্ন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের মধ্যে রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।