শিক্ষকের অভাব, নতুন উদ্যোগ! ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের প্রস্তাব
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের সংকট রয়েছে জানিয়ে এ সমস্যা সমাধানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের প্রস্তাব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ড্রেস ও মিডডে মিল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতে দেশের সব উপজেলাকে মিডডে মিল কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে।
পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামেও খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশীয় খেলাধুলার প্রসারের ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে, যাতে তাদের শেখার আগ্রহ বাড়ে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।