শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বোমা শনাক্তকরণ মহড়া

৪ ফেব্রুয়ারি ২০২৬ - ১৩:২২ অপরাহ্ণ
 0
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বোমা শনাক্তকরণ মহড়া

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বোমা শনাক্তকরণ মহড়া সম্পন্ন করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই মহড়া অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের আরএ-৩ পুনঃ যাচাই অডিট উপলক্ষে এ মহড়ায় অংশ নেয় সিটিটিসির ক্যানাইন টিমের বিস্ফোরক শনাক্তকারী কুকুর (এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ–ইডিডি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও এই অডিট গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। অডিটে অংশ নেয় ক্যানাইন টিমের ২০টি এক্সপ্লোসিভ প্রশিক্ষিত কুকুর ও ৪০ জন প্রশিক্ষিত হ্যান্ডলার ইডিডি।

ক্যানাইন টিমের কুকুর ও হ্যান্ডলারদের অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখে ইইউ ও ইউকে কর্তৃপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন এবং সফলতার স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করেন।

ডিএমপির ক্যানাইন টিমের এ অর্জন দেশীয় ও আন্তর্জাতিকভাবে প্রসংশিত হয়েছে। এটি টিমের কার্যক্রমকে আরও গতিশীল, অধিকতর কার্যকর ও দক্ষ ইউনিট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।