সরকারি অফিসে এবার সৌরবিদ্যুৎ! কমবে বিদ্যুৎ খরচ

১৭ আগস্ট ২০২৬ - ১১:৩৬ পূর্বাহ্ণ
 0
সরকারি অফিসে এবার সৌরবিদ্যুৎ! কমবে বিদ্যুৎ খরচ

সরকারি দপ্তর ও সংস্থাগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর-সংস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। পরে অন্যান্য সরকারি দপ্তরেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে একদিকে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ কমবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।

তিনি বলেন, সংসদ ভবনে ইতোমধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন প্রধান কার্যালয় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতেও সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা রয়েছে।

সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী। এতে সরকারি দপ্তরগুলোর বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।

এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি পৃথক কমিটি গঠন করা হবে। কমিটিগুলো সৌরবিদ্যুৎ খাতে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সরকারি অফিসে সৌরবিদ্যুৎ চালুর পদ্ধতি ও সম্ভাব্য ব্যয়সহ প্রয়োজনীয় বিষয় নির্ধারণ করবে।

সভায় জানানো হয়, সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করেছে। এর ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও জানান, ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।