বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছাই করলেন সাবেক ইংলিশ তারকা স্ট্রাইকার
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা যত বাড়ছে, ততই আলোচনায় উঠে আসছে সাবেক ফুটবলারদের ভবিষ্যদ্বাণী। এবার স্পেনকেই শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে বেছে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন। তার মতে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স, খেলার মান ও দলগত নৈপুণ্যের বিচারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়েন বলেন, আর্জেন্টিনা ফাইনালে উঠলেও তাদের পারফরম্যান্স তাকে খুব একটা মুগ্ধ করতে পারেনি। তার ভাষ্য, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর পথে আর্জেন্টিনা কয়েকটি ম্যাচে চাপে পড়েছিল এবং কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে দলটি প্রত্যাশিত ছন্দে ছিল না বলেও মন্তব্য করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে জয় পেলেও সেটিকে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বের চেয়ে ইংল্যান্ডের নিজেদের ভুলের ফল বলেই মনে করেন সাবেক এই ফরোয়ার্ড।
ওয়েনের মূল্যায়নে, পুরো প্রতিযোগিতায় স্পেনই সবচেয়ে পরিপূর্ণ ফুটবল খেলেছে। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তাদের পারফরম্যান্সকে তিনি বিশ্বমানের বলে আখ্যায়িত করেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে স্পেন যেভাবে বলের দখল, আক্রমণ গঠন এবং ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, তা তাকে মুগ্ধ করেছে।
ফাইনাল নিয়ে নিজের পূর্বাভাসও স্পষ্টভাবে জানিয়েছেন ওয়েন। তার বিশ্বাস, বর্তমান ফর্ম ও সামগ্রিক শক্তির বিচারে স্পেন আর্জেন্টিনার চেয়ে ভালো দল। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে স্পেনই শিরোপা জিতবে এবং সেটিই হবে তাদের প্রাপ্য।
একই সাক্ষাৎকারে ইংল্যান্ডের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েও হতাশা প্রকাশ করেন ওয়েন। তিনি বলেন, ম্যাচের প্রথম এক ঘণ্টা পর্যন্ত ইংল্যান্ড পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং ১-০ ব্যবধানে এগিয়েও ছিল। কিন্তু এরপর দলটি আত্মবিশ্বাস হারিয়ে রক্ষণাত্মক হয়ে পড়ে। আগের দিন স্পেন একই ব্যবধানে এগিয়ে থেকেও যেভাবে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল চালিয়ে গেছে, ইংল্যান্ডেরও সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কৌশল নিয়েও সমালোচনা করেন ওয়েন। তার মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণভাগের খেলোয়াড়দের তুলে নিয়ে অতিরিক্ত ডিফেন্ডার নামানোর সিদ্ধান্ত ছিল ভুল। এতে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে চলে যায় এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত সেই চাপ সামলাতে পারেনি।
রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তার আগে মাইকেল ওয়েনের এই মূল্যায়ন ও ভবিষ্যদ্বাণী দু’দলের সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ম্যাচের ফল কী হবে, তার উত্তর মিলবে মাঠেই। তবে সাবেক ইংলিশ তারকার মতে, এবারের বিশ্বকাপ ট্রফি ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের হাতেই।