‘তোমাকে ভালোবাসি’—মুস্তাফিজকে নিয়ে আবেগে ভাসলেন লাহোর কালান্দার্সের মালিক

৬ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:২৯ অপরাহ্ণ
 0
‘তোমাকে ভালোবাসি’—মুস্তাফিজকে নিয়ে আবেগে ভাসলেন লাহোর কালান্দার্সের মালিক

আইপিএলে উচ্চমূল্যে দল পেলেও ভারতের উগ্রপন্থী চাপের কারণে আসন্ন মৌসুমে সেখানে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। তবে সেই হতাশার মাঝেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিশেষ সম্মান পেলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। নিলামের আগেই সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় আবারও বাংলাদেশি এই পেসারকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন তিনি।

লাহোর কালান্দার্সের অফিসিয়াল পেজে প্রকাশিত ভিডিওতে সামিন রানা বলেন,
‘বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ অনেক বড় নাম। তাকে দলে পাওয়া লাহোর কালান্দার্সের জন্য গর্বের বিষয়।’

আগেও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবারের পিএসএলে তিনি দলে যোগ দিয়েছেন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি। মুস্তাফিজের সঙ্গে দলের পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে লাহোরের মালিক বলেন,
‘পিএসএলের জন্য এটি বড় একটি নাম, একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের জন্যও। যেকোনো দলের জন্য মুস্তাফিজকে পাওয়া সম্মানের ব্যাপার। আমাদের সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের।’

মুস্তাফিজের ফিরে আসাকে ‘পরিবারে ফেরা’ হিসেবেও দেখছেন সামিন রানা। তিনি বলেন,
‘পিএসএল শুরু হওয়ার সময়, প্রায় দশ বছর আগে, গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্স প্রথম পছন্দ হিসেবে মুস্তাফিজুর রহমানকেই নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তখন এনওসি সংক্রান্ত জটিলতার কারণে সে আসতে পারেনি। তবে দুই বছর পর সে ঠিকই আমাদের হয়ে খেলেছিল এবং আমরা তার পারফরম্যান্স উপভোগ করেছি। এবারও মুস্তাফিজের মতো একজন ক্রিকেটারকে দলে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।’

লাহোর কালান্দার্সের অধিনায়ক পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। মুস্তাফিজ ও শাহিনের বোলিং জুটি নিয়ে উচ্ছ্বসিত লাহোর মালিক বলেন,
‘শাহিন ও ফিজের জুটি দেখার জন্য আমি মুখিয়ে আছি। মিডল ও ডেথ ওভারে মুস্তাফিজের বোলিং সত্যিই অসাধারণ।’

গত পিএসএলে তিনজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করে সামিন রানা বলেন,
‘বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্ত। তার চেয়েও বড় কথা, তারা মানুষ হিসেবে অসাধারণ। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান বা রিশাদ হোসেন—যার সঙ্গেই কাজ করেছি, অভিজ্ঞতা ছিল দারুণ। তারা সহজেই মিশে যায় এবং পুরো মনপ্রাণ দিয়ে খেলে। বাংলাদেশ থেকে যারা আসে, তারা দলকে নিজেদের ব্র্যান্ড হিসেবেই নেয়।’

ভিডিওবার্তার শেষদিকে মুস্তাফিজের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন লাহোর কালান্দার্সের মালিক। তিনি বলেন,
‘ফিজ, আমি তোমাকে ভালোবাসি। রিশাদের জন্য যেমন বলেছি, তোমার ক্ষেত্রেও একই কথা বলছি। আমরা তোমার অপেক্ষায় আছি।’