ফ্লাইট-হোটেলের খরচ নেই, কাতারের বিশেষ আয়োজনে বিশ্বকাপে হাজারো সমর্থক

১৮ জুন ২০২৬ - ১৬:৪৫ অপরাহ্ণ
 0
ফ্লাইট-হোটেলের খরচ নেই, কাতারের বিশেষ আয়োজনে বিশ্বকাপে হাজারো সমর্থক

চলমান ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের মনোবল চাঙ্গা করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে করে প্রায় এক হাজার সমর্থককে উত্তর আমেরিকার ভ্যাঙ্কুভারে পাঠিয়েছে দেশটি। কানাডার বিপক্ষে কাতারের আজকের ম্যাচের আগে দেশটির এমন উদ্যোগ এখন আলোচনায়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, কাতারের ‘সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ড’ এবং দেশটির ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে ‘কাতারি ফ্যানস ডেলিগেশন প্রোগ্রাম’-এর আওতায় এই সমর্থকদের আনা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তাদের বিমানভাড়া, অভিজাত হোটেলে থাকা, স্থানীয় যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করছে কাতার ফুটবল ফেডারেশন। ভ্যাঙ্কুভারে পৌঁছে সমর্থকরা ঐতিহ্যবাহী দারবুকা ড্রাম বাজিয়ে জানান দিচ্ছেন তাদের উপস্থিতির। তারা থাকছেন ফেয়ারমন্ট ও জেডব্লিউ ম্যারিয়ট পার্কের মতো বিলাসবহুল হোটেলে।

সমর্থকদের এই দীর্ঘ যাত্রা ও ভালোবাসায় সিক্ত কাতারের অধিনায়ক আবদুলআজিজ হাতেম বলেন, ‘এত পথ পাড়ি দিয়ে যারা আমাদের উৎসাহ দিতে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমরা এমন কিছু করতে চাই, যাতে তারা গর্ব নিয়ে স্টেডিয়াম ছাড়তে পারেন।’

কাতারি ফুটবল ফেডারেশনের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্টেডিয়ামে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করা, যা খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স দিতে বাড়তি অনুপ্রেরণা দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত কাতারির শিক্ষার্থীদেরও মাঠে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিসি প্লেস স্টেডিয়ামে স্বাগতিক কানাডার সমর্থকদের ভিড়ে কাতারি সমর্থকরা সংখ্যায় কিছুটা পিছিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাকৃতিক গ্যাস ও তেলসমৃদ্ধ প্রায় ৩২ লাখ জনসংখ্যা দেশ কাতার ২০২২ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার স্বাগতিক দল হিসেবে অংশ নিয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে বিদায় নিয়েছিল কাতার। এবারের আসরে তারা বেশ লড়াকু মেজাজে আছে। নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ে বৌআলেম খৌখির গোলে  মধ্যপ্রাচ্যের দেশটি ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। 

অন্যদিকে কানাডাও বসনিয়া-হার্জেগোভেনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে। দুই দলের জন্যই আজকের ম্যাচটি পয়েন্ট তালিকায় টিকে থাকার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।