ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

২৫ জুন ২০২৬ - ১৭:৫৩ অপরাহ্ণ
 0
ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছরের স্থগিত হওয়া কনসার্টটি পুনরায় আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান।

সম্প্রতি এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড জানিয়েছে, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি, শিল্পীর সঙ্গে সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর জারি হওয়া নিরাপত্তাজনিত পরিস্থিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানের মাত্র দু’দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।

কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানায়, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময় আতিফ আসলামও তার অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের জন্য কেনা টিকিট পুনঃনির্ধারিত আয়োজনের জন্য বৈধ থাকবে।

এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টটি আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তাসহ ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যান্য অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের অনুষ্ঠিত হতে যাওয়া মেইন স্টেজ শো কনসার্টের জন্য যারা টিকিট ক্রয় করেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট ক্রয়ের প্রয়োজন হবে না। তাদের মেইন স্টেজ শোর ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত রি-অ্যাপ্লাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এতে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো ধরনের অতিরিক্ত অর্থ ছাড়াই তা পৌঁছে দেয়া হবে দর্শকের কাছে।

এছাড়া যারা আগের টিকিট ফেরত দিয়ে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের আবেদন করতে পারবেন। একইভাবে তাদের কাছে পৌঁছে দেয়া হবে টিকিট। আর নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালে সংগীত ক্যারিয়ারে দীর্ঘ ২০ বছর পূর্ণ করেছেন আতিফ আসলাম। সুরের জাদুকর খ্যাত এ গায়কের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ব্যাপক পরিচিতি তার। ২০০৫ সালে ‘জহর’ ছবির হিট গান ‘ওহ লামহে’ দিয়ে জার্নি শুরু হয় এ পাকিস্তানি গায়কের। পরবর্তীতে যাত্রা করেন বলিউডে। আর গত দেড় দশক ধরে দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি।