খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শন

২২ অক্টোবর ২০২৬ - ০৭:১৫ পূর্বাহ্ণ
 0
খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শন

খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনের কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার দাকোপে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টার দিকে হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা আকাশপথে পরিদর্শন করেন সরকারপ্রধান।

এরপর সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।