চীন সফরে প্রধানমন্ত্রীর ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন
চীন সফরের ফাঁকে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে বেইজিংয়ে অবস্থিত ওই জাদুঘরটি পরিদর্শন করেন তিনি। এ সময় সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এদিন বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী ওই জাদুঘরটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। জাদুঘর পরিদর্শনকালে অন্যদের মধ্যে বাংলাদেশ থেকে সফরসঙ্গী হিসেবে চীনে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিকে মালয়েশিয়া ও চীন রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত পৌনে ৮টায় সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সফরকালে মালয়েশিয়া ও চীন বাংলাদেশের সরকারপ্রধানকে আন্তরিক সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। সেই সঙ্গে দুই দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর এই সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং পিপল-টু-পিপল কানেক্টিভিটি জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও উভয় দেশের সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় হয়েছে।