সৌদির বিমানবন্দরে হামলা নিহত ১ আহত ৮

২২ অক্টোবর ২০২৬ - ০৮:০৯ পূর্বাহ্ণ
 0
সৌদির বিমানবন্দরে হামলা  নিহত ১ আহত ৮

সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১ আহত ৮

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সংস্থাটির মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এতে হতাহতের পাশাপাশি বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। মার্কিন কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নাজিলির দাবি, হুতি বাহিনী একদিনে চতুর্থবারের মতো আল-রাইয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে। বেসামরিক অবকাঠামোতে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার ফলে ইয়েমেনের মানুষের যাতায়াতের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ধেয়ে আসা চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর ও জাজানের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলায় আহতের সংখ্যা বেড়ে ৩৬৪ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।