জামায়াতের সেই এমপিকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ

১৮ জুন ২০২৬ - ১৬:৩৭ অপরাহ্ণ
 0
জামায়াতের সেই এমপিকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান এমপিদের জন্য বরাদ্দ দেয়া ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেয়ার দাবি জানান। আজ বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সেই সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সদস্য আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, জামায়াতের এমপির এই ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, অ্যান্ড কার্টিনস- এটা আমাকে অনেক লজ্জা দেয়। জামায়াতের নেতা যা চেয়েছেন তা দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, ওনারা বলেছিলেন যে, আমরা গাড়ি নেব না, প্লট নেব না। গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিলেন, তখন ওনাদের বুকের ওপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে, মাইক্রোওয়েভ ওভেন আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমার মনে হচ্ছে যে, এই স্ট্যান্ডার্ড আমাদের মেইনটেইন করা উচিত।

তিনি বলেন,  আমি উনাকে বিব্রত না করে আগামীতে যদি উনার পর্দা বা মাইক্রোওয়েভ ওভেন লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ ওভেন দিতে চাই। আমি প্রধানমন্ত্রীকে রিকুয়েস্ট করতে চাই, যদি ওয়াশিং মেশিনটা উনি দেন। হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে, পর্দাটা যদি উনি কিনে দিতেন, ওনার সংসারটা আমরা গুছিয়ে দিতে পারতাম। তারপরও উনি যেন সংসদকে বিব্রত না করেন।