এমআরআই রিপোর্টে স্বস্তি, চোট কাটিয়ে দ্রুত সেরে উঠছেন নেইমার

৯ জুন ২০২৬ - ০৬:৫৫ পূর্বাহ্ণ
 0
এমআরআই রিপোর্টে স্বস্তি, চোট কাটিয়ে দ্রুত সেরে উঠছেন নেইমার

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার তার কাফ ইনজুরি থেকে ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার করা এমআরআই স্ক্যানের ফলাফলে তার পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘নেইমার তার চিকিৎসায় ভালো উন্নতি করছেন। ব্রাজিল দলের মেডিকেল স্টাফের নির্ধারিত পুনর্বাসন ও ফিটনেস কর্মসূচি অনুযায়ী তিনি অনুশীলন চালিয়ে যাবেন।’

গত মাসের শেষ দিকে পায়ের পেশিতে চোট পাওয়ার পর থেকেই টুর্নামেন্ট শুরুর আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য লড়াই করছেন নেইমার। আগামী শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

তবে সোমবার দলের অনুশীলনে মাঠে নামেননি ৩৪ বছর বয়সী এই তারকা। নিউ ইয়র্কের পশ্চিমে অবস্থিত এমএলএস ক্লাব নিউ ইয়র্ক রেড বুলসের নতুন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অনুশীলনের সময় সতীর্থদের সঙ্গে মাঠে না গিয়ে তিনি জিমে আলাদা ফিটনেস ট্রেনিং করেন।

২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে খেলেননি নেইমার। এর বড় কারণ ছিল চোট আর ফিটনেস সমস্যা। বিশ্বকাপ সামনে রেখে রিও ডি জেনিরোতে ২৭ মে থেকে অনুশীলন করছে ব্রাজিলের ফুটবল দল। তবে চোট–সমস্যা সেরে না ওঠায় এখনো সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারছেন না নেইমার।

সময় লাগলেও তার বদলে অন্য কাউকে নেওয়ার সম্ভাবনা নেই। আনচেলত্তি বিশ্বকাপে আসার আগে বলেছিলেন, ‘সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা মনে করি সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত হয়ে যেতে পারে। যদি তা না–ও পারে, তবে দ্বিতীয় ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে। এটা নিশ্চিত যে তার জায়গায় কোনো বিকল্প নেওয়া হবে না।’

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন। এটি পায়ের পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার একটি চোট। তবে ব্রাজিল দলের কোচিং স্টাফ আশাবাদী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে দলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘সি’ গ্রুপে মরক্কোর পর হাইতি (১৯ জুন) ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে (২৪ জুন)।
এখন ব্রাজিল সমর্থকদের অপেক্ষা, মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই নেইমার মাঠে ফিরবেন, নাকি তার প্রত্যাবর্তনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।