মেসির চোটের সর্বশেষ অবস্থা জানালেন স্কালোনি

৬ জুন ২০২৬ - ১৬:৫১ অপরাহ্ণ
 0
মেসির চোটের সর্বশেষ অবস্থা জানালেন স্কালোনি

২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনা আর খুব বেশি দূরে নয়। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞের প্রস্তুতিতে ব্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মূল মিশনে নামার আগে লা আলবিসেলেস্তেদের জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট। তবে সেই উদ্বেগ ধীরে ধীরে কাটতে শুরু করেছে, বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসির সুস্থতার খবর আর্জেন্টাইন ভক্তদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে রোববার ভোরে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে দলের চোটাক্রান্ত খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্বস্তির বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা মেসিকে নিয়ে একটু বেশিই খুশি এই কোচ। 

স্কালোনি জানান, সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা যাবে মেসিকে। তিনি বলেন, 'লিও (মেসি) ভালো আছে। সে অনুশীলনের একটি অংশ দলের সঙ্গে করেছে এবং এটি গুরুত্বপূর্ণ। সে আর পুরোপুরি আলাদা নেই। এমনকি সে একটি ম্যাচেও খেলতে পারে। সেটা আগামীকালের ম্যাচ হবে নাকি পরেরটি, তা আমরা দেখব। সে অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।'

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় আর্জেন্টিনার নয়জন খেলোয়াড় চোট কিংবা শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। এ কারণে তারা স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারেননি। আশার কথা হলো, তাদের কয়েকজন ইতোমধ্যে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। বাকিরাও আলাদা অনুশীলন চালিয়ে গেলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

খেলোয়াড়দের সুস্থতার কথা ভেবে প্রীতি ম্যাচে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি, ‘যারা আলাদা অনুশীলন করছে, তারা উন্নতি করছে। আমরা যখন স্কোয়াড ঘোষণা করেছি, তখনই প্রত্যেকের পরিস্থিতি সম্পর্কে জানতাম এবং তারা ভালো আছে। স্বাভাবিকভাবেই আমরা এই ম্যাচগুলোতে (প্রীতি ম্যাচ) কোনো ঝুঁকি নিতে চাই না। আমাদের পরিকল্পনা হলো, তারা এই দুটি প্রীতি ম্যাচের অংশ হবে না।’

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সকল খেলোয়াড় পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে টিম ম্যানেজমেন্ট আশা করছে। মেসির চোট নিয়ে শঙ্কার মেঘ কাটায় আর্জেন্টিনা শিবিরে এখন আত্মবিশ্বাস ফিরছে।